পঞ্চগড়ে রমরমা মাদক ব্যবসা: প্রতিকারের দাবিতে অতিষ্ঠ গ্রামবাসীর সমাবেশ ও স্মারকলিপি প্রদান

Date: 2025-11-08
news-banner

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার বামনবাড়ি এলাকায় রমরমা মাদক ব্যবসার প্রতিবাদে ও প্রতিকারের দাবিতে অতিষ্ঠ গ্রামবাসী মাদকবিরোধী সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বামনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বামনবাড়ি টাইগার ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম
বীর মুক্তিযোদ্ধা সুরজ্জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলার রহমান, এবং বামনবাড়ি জামে মসজিদের ইমাম মঞ্জরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বামনবাড়ি এলাকার আনোয়ার, রুহি, কালু, জামালসহ তাদের সহযোগী বাবু, সোনিয়া ও রুবেল দীর্ঘ এক যুগ ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। তাদের আশ্রয়দাতা হিসেবে ইউনুস, ফুলুরউদ্দিন ও মুসলিম নামে কয়েকজনের নামও উঠে এসেছে।
অভিযোগকারীরা আরও জানান, স্থানীয়দের প্রতিবাদ ও পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সত্ত্বেও অল্প সময়ের মধ্যেই তারা ছাড়া পেয়ে যায়। পুলিশের চার্জশিটে অনিয়ম এবং সাক্ষীর অভাবকে এ জন্য দায়ী করা হয়।

গ্রামবাসীর দাবি, ধামরের ঘাট সীমান্ত দিয়ে মাদক আনা হয় এবং স্থানীয়ভাবে বিক্রি করা হয়। মাদকের প্রভাবে এলাকার সুনাম নষ্ট হচ্ছে, এমনকি এই গ্রামে মেয়েদের বিয়ে দিতেও অনেকে অনাগ্রহ দেখাচ্ছেন। তারা বলেন, “আমরা আর সহ্য করতে পারছি না, এখনই প্রশাসনের কঠোর ব্যবস্থা চাই।”

সমাবেশে প্রধান অতিথি ইউএনও রবিউল ইসলাম বলেন,

“মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য। পুলিশ আসামি ধরলেও সাক্ষীর অভাবে অনেকে জামিনে বেরিয়ে আসে। তাই স্থানীয়ভাবে গ্রাম পর্যায়ে মাদকবিরোধী কমিটি গঠন করে সচেতন হতে হবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।”

সমাবেশ শেষে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর মাদকবিরোধী স্মারকলিপি প্রদান করেন।

Leave Your Comments