আবু জাফর বিশ্বাস, বরিশালঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগে প্রার্থী বাছাইয়ে প্রবীণ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে এগিয়েছে বিএনপি। দলটি ইতিমধ্যে ছয় জেলার ২১টি আসনের মধ্যে ১৬টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত প্রার্থীদের মধ্যে ১১ জনই দলের অভিজ্ঞ ও সাবেক সংসদ সদস্য। বরিশাল-১ এ সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ এ সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৫ এ পাঁচবারের এমপি মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল-৬ এ সাবেক এমপি আবুল হোসেন খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বরগুনা-১ আসনে মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ এ সাবেক এমপি নুরুল ইসলাম মনি, পটুয়াখালী-১ এ সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৪ এ এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-২ এ সাবেক এমপি হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ এ সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ঝালকাঠি-২ এ সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোও রয়েছেন ঘোষিত তালিকায়।
তবে দলটি নবীন নেতৃত্বকেও এবার সামনে এনেছে। ভোলা-১ এ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ভোলা-৪ এ যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বরিশাল-৪ এ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিব আহসান, পিরোজপুর-২ এ আহমেদ সোহেল মঞ্জু সুমন এবং পিরোজপুর-৩ এ রুহুল আমিন দুলাল প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন।
বরিশাল জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন বলেন, “প্রবীণ-নবীনদের সমন্বয় করে গঠিত প্রার্থী তালিকা বিএনপির একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, যা আগামী দিনের নেতৃত্ব গঠনের ইঙ্গিত দেয়।”
বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবিরের মতে, “অভিজ্ঞদের নেতৃত্বের সঙ্গে তরুণদের সম্পৃক্ততা বিএনপিকে আরও গতিশীল করবে। তারেক রহমানের এই কৌশল দলের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল বিভাগের প্রার্থী তালিকা বিএনপির কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে—যেখানে অভিজ্ঞ নেতৃত্বের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করে ভবিষ্যতের আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে।