ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধিদল

Date: 2025-11-06
news-banner

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা ঘিরে ব্যবসায়ীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা মূল্যায়নের জন্য আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।


জাতিসংঘের স্বল্পোন্নত দেশ বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে দলটি ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবে। সফরকালে তারা সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের বাড়তি উদ্বেগের প্রেক্ষাপটে জাতিসংঘের এই প্রতিনিধিদল পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করবে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের ব্যবসায়ীরা এখনই এলডিসি থেকে উত্তরণের পক্ষে নন। তাদের আশঙ্কা, উত্তরণ হলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারাতে পারে, যা রপ্তানি খাতকে বড় ধাক্কা দিতে পারে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, এই সুবিধা হারালে রপ্তানি আয় ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।


বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের প্রতিনিধিদলের এই সফর এলডিসি উত্তরণ প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ী ও সরকারের মধ্যে সমন্বয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave Your Comments