গাজা পুনর্গঠন নিয়ে প্রশ্ন করায় বরখাস্ত ইতালির সাংবাদিক গাব্রিয়েলে নুনজিয়াতি

Date: 2025-11-06
news-banner

গাজা পুনর্গঠনের ব্যয় বহনের বিষয়ে প্রশ্ন তোলায় ইতালির সাংবাদিক গাব্রিয়েলে নুনজিয়াতিকে বরখাস্ত করা হয়েছে। রোমভিত্তিক সংবাদ সংস্থা নোভা নিউজ এজেন্সি বৃহস্পতিবার তাকে চুক্তি থেকে অব্যাহতি দেয়।

ঘটনাটি ঘটে ১৩ অক্টোবর ইউরোপীয় কমিশনের এক প্রেস কনফারেন্সে। সেখানে ব্রাসেলস-ভিত্তিক সংবাদদাতা নুনজিয়াতি ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাউলা পিনহোকে সরাসরি প্রশ্ন করেন—

“যেহেতু ইউরোপীয় ইউনিয়ন বিশ্বাস করে রাশিয়াকে ইউক্রেন পুনর্গঠনের খরচ বহন করতে হবে, তাহলে কি ইসরায়েলকেও গাজার পুনর্গঠনের ব্যয় বহন করা উচিত, যেহেতু তারা প্রায় সব নাগরিক অবকাঠামো ধ্বংস করেছে?”

পিনহো উত্তরে বলেন, “এটি একটি আকর্ষণীয় প্রশ্ন, তবে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”
এই সংলাপের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় এবং একাধিক গণমাধ্যমে পুনঃপ্রকাশিত হয়।

এর দুই সপ্তাহ পর, ২৭ অক্টোবর নুনজিয়াতি ইমেইল পান যেখানে তাকে জানানো হয় যে সংস্থাটি আর তার সঙ্গে সহযোগিতা করবে না।
তিনি দ্য ইন্টারসেপ্ট-কে বলেন, “আমি একটি ইমেইল পেয়েছিলাম যেখানে বলা হয় যে তারা আমাদের সহযোগিতা বন্ধ করতে চায়। আমি বুঝে গেছি—এটা আসলে গাজা নিয়ে প্রশ্ন করায়।”

নোভা নিউজ-এর মুখপাত্র ফ্রান্সেস্কো সিভিতা নিশ্চিত করেছেন যে বরখাস্তের কারণ গাজার বিষয়ে তার প্রশ্ন করা।
ঘটনাটি ইতালিতে সাংবাদিক স্বাধীনতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

ইতালীয় পার্লামেন্ট সদস্য আনা লাউরা অররিকো প্রকাশ্যে বলেন,

“যদি ঘটনাটি সত্য হয়, তবে এটি সংবাদমাধ্যমের জন্য লজ্জাজনক সিদ্ধান্ত। সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার কোনোভাবেই সীমিত করা উচিত নয়।”

Leave Your Comments