বরিশালে পানি সরবরাহে নতুন মাত্রা: নয় বছর পর সচল হচ্ছে দুটি ট্রিটমেন্ট প্ল্যান্ট

Date: 2025-11-06
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশালঃ বরিশাল নগরীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে দেখা দিয়েছে নতুন আশার আলো। প্রায় শতকোটি টাকা ব্যয়ে ২০১৬ সালে নির্মিত রুপাতলী ও বেলতলা এলাকার দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অচল থাকার নয় বছর পর অবশেষে সচল করার উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। ইতোমধ্যে বরাদ্দকৃত ৮ কোটি টাকায় সংস্কারের কাজ শুরু হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নগরীতে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। দশ বছর আগে যেখানে ২০ ফুট নিচে পানি মিলত, এখন তা ৪০ থেকে ৫২ ফুটে নেমে গেছে। এতে অচল হয়ে পড়েছে শতাধিক টিউবওয়েল, চরম পানিসঙ্কটে ভুগছে নগরবাসী।

২০১৬ সালের জুনে নির্মাণ শেষে নানা জটিলতা, সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার কারণে প্ল্যান্ট দুটি চালু হয়নি। দীর্ঘদিন অরক্ষিত থাকায় চুরি হয়েছে অনেক যন্ত্রাংশও।

সচেতন নাগরিকরা বলছেন, “এত বড় প্রকল্প বছরের পর বছর বন্ধ পড়ে থাকা লজ্জাজনক। দোষীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বিসিসির প্রশাসক মো. রায়হান কাওছার বলেন, “সংস্কার প্রকল্প বাস্তবায়ন হলে আগামী মার্চের মধ্যে দুটি প্ল্যান্টই চালু করা সম্ভব হবে। তখন প্রতিদিন নদী থেকে ৩ কোটি ২০ লাখ লিটার পানি সরবরাহ করা যাবে, যা নগরীর অর্ধেক চাহিদা মেটাবে।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী জানান, ৮ কোটি টাকা বরাদ্দ থাকলেও ৭ কোটি টাকায় কাজ শুরু হয়েছে। এগুলো চালু হলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ অর্ধেক কমে আসবে।

নগরবাসীর প্রত্যাশা, এবার প্রকল্পটি যেন কাগজে নয়, বাস্তবেই রূপ নেয়— এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

Leave Your Comments