অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের পক্ষে মত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৯ম দিনের আপিল শুনানিতে এসব মন্তব্য করেন তিনি। একই দিনে রাষ্ট্রপক্ষের শুনানিও শেষ হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে, অ্যাটর্নি জেনারেল সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের রায়ের বিষয়ে সমালোচনা করেছেন।
গত ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের পুনর্বিবেচনার জন্য আপিল অনুমোদন দিয়েছেন। বিএনপি, জামায়াত ও অন্যান্য পক্ষও আপিলে অংশগ্রহণ করেছেন।