সন্ত্রাসবিরোধী আইনে লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের হাইকোর্টে জামিন

Date: 2025-11-06
news-banner

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুলসহ আদেশ দেন। 


আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, ফজলুর রহমান এবং এম আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া। মঞ্জুরুল আলমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, রমজান আলী শিকদার এবং প্রিয়া আহসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

আইনজীবীদের বরাতে জানা গেছে, হাইকোর্টের এই রুলের ফলে দুইজনের কারামুক্তিতে আপাতত কোনো বাধা নেই।


মামলাটি দায়ের করা হয় ২৮ আগস্ট রাতে, যখন লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

ঘটনাস্থল ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনা, যা ‘মঞ্চ ৭১’ আয়োজন করেছিল। আলোচনায় অংশ নেওয়ার পর একদল ব্যক্তি প্রহসনমূলক স্লোগান দিতে শুরু করলে পুলিশ ঘটনা স্থলে এসে অন্তত ১৬ জনকে তুলে নিয়ে যায়।

Leave Your Comments