মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো দাবি করেছেন, গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত তিনি থামিয়েছিলেন। এবার তিনি জানান, ‘অপারেশন সিঁদুর’ নামে সংঘাত চলাকালীন সময়ে পাকিস্তানের ভারতে হামলার সময় ৮টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল।
ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিত ‘আমেরিকান বিজনেস ফোরামে’ বক্তৃতার সময় ট্রাম্প বলেন, তিনি দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রক্রিয়ায় ছিলেন, তখনই শুনতে পান ভারত ও পাকিস্তান যুদ্ধের পথে এগোচ্ছে। এরপর তিনি হুমকি ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে সংঘাত রোধ করেছেন।
ট্রাম্প আরও বলেন, “আমি দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির মধ্যবর্তী অবস্থায় খবর পেয়েছিলাম তারা যুদ্ধের দিকে যাচ্ছে। সাত বা আটটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল।”
এর আগেও ট্রাম্প ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর করার কৃতিত্ব দাবি করেছেন। তবে ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটি জানিয়েছে, দুই দেশের উত্তেজনা কমানোর জন্য সরাসরি কূটনৈতিক প্রচেষ্টা করা হয়েছিল এবং কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না।