উত্তর-পশ্চিম দিয়ে দেশে শীতের আগমন

Date: 2025-11-06
news-banner

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সেই সঙ্গে প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসার সম্ভাবনাও বেশি রয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সংস্থাটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।


বিডব্লিউওটির তথ্য মতে, সাম্প্রতিক লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। তবে এর প্রভাবে থেকে যাওয়া জলীয়বাষ্পের কারণে আগামী শুক্রবার (৭ নভেম্বর) পর্যন্ত দেশের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।


পোস্টে আরও জানানো হয়, আগামী শনিবার (৮ নভেম্বর) থেকে প্রায় ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশের আবহাওয়া অনুকূলে থাকবে। এ সময়কে কৃষিকাজের জন্য উপযুক্ত বলা হয়েছে—ধান কাটা থেকে শুরু করে শীতকালীন শাকসবজি চাষে অনুকূল পরিবেশ বিরাজ করবে।


বিডব্লিউওটি জানিয়েছে, নভেম্বরের ২০ তারিখের আগে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে ২০ নভেম্বর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরির জন্য অনুকূল আবহাওয়া তৈরি হতে পারে। তার আগেই দক্ষিণ বঙ্গোপসাগরে ওয়েভ ইন্টারঅ্যাকশনের কারণে একটি সার্কুলেশন বা লঘুচাপ গঠনের আশঙ্কা রয়েছে।


এছাড়া সংস্থাটি জানিয়েছে, ২০ নভেম্বরের আগে দেশে বড় ধরনের কোনো আবহাওয়াজনিত পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ১৭-১৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।


সবশেষে পোস্টে বলা হয়, নভেম্বরের ১০ তারিখ থেকেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মাধ্যমে শীতের আগমন শুরু হতে পারে। তবে সারাদেশে শীত নামতে পারে মাসের শেষ দিকে। প্রথম শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে ডিসেম্বরে।



Leave Your Comments