মোঃআলামিন হোসেন তাড়াশ উপজেলা,
তাড়াশ, সিরাজগঞ্জ: আজ বেলা আনুমানিক ১১:৩০ মিনিটে তাড়াশ-খুটিগাছা সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুটিগাছা থেকে তাড়াশের দিকে আসা একটি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, উভয় যান সড়কের ওপর ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধারে হাত লাগান। গুরুতর আহত অবস্থায় দু'জনকে তাৎক্ষণিকভাবে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের পরিচয় তারা উলিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা , তাড়াশ উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।
এই দুর্ঘটনা আবারও তাড়াশ-খুটিগাছা সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই সড়কে দ্রুতগতিতে যান চলাচল এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। আজকের এই ঘটনা স্থানীয়দের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি করেছে।