খুলনায় প্রিজন সেল থেকে আসামির পলায়ন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে ইউসুফ (২৩) নামে এক আসামি পালিয়ে গেছে।


বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে।


পালিয়ে যাওয়া আসামি ইউসুফ নগরীর খালিশপুর থানার আলমনগর মোড়ের বাসিন্দা। বুধবার দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেফতার করে খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় রাতেই খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়।

পুলিশ জানায়, রাতে বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রিজন সেলের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বলেন, ‘প্রিজন সেলে দুজন আসামি অবস্থান করছিলেন। মাঝরাতে এক আসামি টয়লেটে যেতে চাইলে দায়িত্বরত কনস্টেবল রাব্বি আলী প্রিজন সেলের দরজার তালা খুলে তাকে নিয়ে যান। কিন্তু ভুল করে দরজার তালা বন্ধ করতে ভুলে যান। কিছু সময় পরে ফিরে এসে দেখেন ইউসুফ নেই। বাইরের কারারক্ষীদের যে গেট, সেটিরও তালা খোলা থাকায় তিনি পালিয়ে যান।’


খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার দক্ষিণ মো. আবু তালেব জানান, প্রিজন সেলের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পুলিশের। বাইরের প্রধান ফটেকে নিরাপত্তায় থাকেন কারারক্ষীরা। দুপক্ষের গাফিলতি ছিল। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।