প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫
সময়: ০৭:৫৪ পিএম
বগুড়ায় চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক
বগুড়া সারিয়াকান্দিতে ৭ বছরের একজন শিশুকে ধর্ষণচেষ্টায় আব্দুল কাদের প্রামাণিক (৫৫) নামে একজন বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে।
তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হরিণা মন্ডলপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। এ বিষয়ে ভিক্টিম শিশুর বাবা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর ২টার দিকে ওই শিশু গ্রেফতার কাদের প্রামাণিকের দোকানে ললিপপ কিনতে যায়। এ সময় কাদের ওই শিশুকে চকলেট দেয়ার কথা বলে দোকানের ভিতরে ডেকে নেয়। দোকানের পাশের রুমে ডেকে নিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু খাওয়া শুরু করে। এরপর তার পরনের কাপড় খুলে তাকে ধর্ষণচেষ্টা চালায়। পরে ওই মেয়ে চিৎকার করলে তাকে সে ছেড়ে দেয়।
এরপর ওই মেয়ে কান্না করতে করতে বাড়িতে এসে ঘটনার বিষয়ে খুলে বলে। এরপর মেয়েটির পরিবারের লোকজন কাদেরের বাড়িতে যায়। কাদের তাদের জানায়, এটি সে ভুলবশত করেছে। এরপর কাদের বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যায়। পরে মেয়েটির বাবা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গত শনিবার রাতে কাদের মিয়া গ্রেফতার হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, বাদীর মামলার ভিত্তিতে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে রোববার সকালে বগুড়া জেলার আদালতে পাঠানো হয়েছে।