টাঙ্গাইলের সখীপুরে কাকলি আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
রোববার (৩ আগস্ট) সকালে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী মেহেদী হাসান পলাতক রয়েছেন।
নিহত কাকলি আক্তার সখিপুর উপজেলার ইছাদিঘী গ্রামের বাসিন্দা। তিনি স্বামী ও দুই সন্তানসহ জেলখানা মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, মেহেদী হাসান ও কাকলির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। রোববার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে মেহেদী ছুরি দিয়ে কাকলির পিঠে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কাকলিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মেহেদী বাসা থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’