মোহাম্মদপুর মানেই সন্ত্রাস, চাঁদাবাজির আখড়া এই ধারনাকে দূর করে এটিকে সন্ত্রাসমুক্ত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আবদুস সালাম।
এদিকে জুলাই সংগ্রামে যারা পরাজিত হয়নি তারা মাদক-সন্ত্রাস নির্মূলেও পরাজিত হবে না বলে মন্তব্য করেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর-আদাবর সম্মিলিত শিক্ষক সমাজের উদ্যোগে ৭০টিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় র্যালি ও মানববন্ধন।
র্যালি শুরুর আগে বক্তারা বলেন, মোহাম্মদপুর থেকেই শুরু হলো মাদক ও সন্ত্রাসকে না বলার যাত্রা। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থী-শিক্ষকরা যেভাবে অবস্থান নিয়েছে তাতে মোহাম্মদপুরের কালিমা দূর হবে। শিক্ষক-শিক্ষার্থীদেরও অঙ্গীকার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের৷