ভারত-ইংল্যান্ডের ম্যাচে পাকিস্তানের জার্সি পরে আসায় বাধার মুখে দর্শক

Date: 2025-07-29
news-banner

ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে শেষদিনে ভারতের প্রতিরোধের প্রশংসা এখন মুখেমুখে। চতুর্থ দিনে ৩১১ রানে পিছিয়ে থাকা ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনের উইকেট হারায়। শেষ পর্যন্ত অধিনায়ক শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরির সঙ্গে কেএল রাহুলের ৯০ রানের ইনিংসে ম্যাচ ড্র করে ভারত। এর পাশাপাশি এই ম্যাচ আলোচনায় বেন স্টকসের 'হ্যান্ডশেক' বিতর্কেও। তবে ঘটনাবহুল ম্যাচটিতে ঘটে যাওয়া আরেক ঘটনা এবার সামনে এসেছে।


ভারত-পাকিস্তান বৈরিতার কারণে দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ অনেকদিন। তবে গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসবাদী হামলার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল ভারত। এরপর থেকে আন্তর্জাতিক টুর্নামেন্টেও দুই দলের দ্বৈরথ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। আসন্ন এশিয়া কাপেও ম্যাচ খেলা নিয়ে দেখা দিতে পারে অনিশ্চয়তা।


এমন পরিস্থিতির মাঝেই ম্যানচেস্টারে ভারত-ইংল্যান্ড টেস্টে এক দর্শক ম্যাচ দেখতে এসেছিলেন ভারতের চিরশত্রু পাকিস্তানের জার্সি গায়ে। ওল্ড ট্রাফোর্ডে সেই দর্শকের গায়ে পাকিস্তানের জার্সি ভালোভাবে নেয়নি মাঠটির পরিচালনার দায়িত্বে থাকা ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্লাব। মাঠে কর্মরত স্টুয়ার্ডরা জার্সিটি 'ঢেকে ফেলতে' বলেছিলেন সেই দর্শককে।  আর তা নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্লাব ঘটনাটির দায় স্বীকার করেছে এরই মধ্যে।

প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে পড়া ভারত শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করায় সিরিজ জয় নিশ্চিত করতে ইংল্যান্ডকে এখন ওভালে শেষ টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ম্যানচেস্টার টেস্টে আরেকটি আলোচিত ঘটনা 'হ্যান্ডশেক বিতর্ক'—যেখানে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ম্যাচ ড্র ঘোষণা করতে চেয়েছিলেন, কিন্তু জাদেজা ও সুন্দর তা প্রত্যাখ্যান করে নিজ নিজ শতরান পূর্ণ করেন।


তবে, সেই ঘটনাকেও ছাপিয়ে গেছে আরেক বিতর্কিত ঘটনা।  স্ট্যান্ডে ধারণ করা একটি ভাইরাল ভিডিওতে এক দর্শককে নিরাপত্তাকর্মীর সঙ্গে তর্ক করতে দেখা যায়। ঐ নিরাপত্তাকর্মী বলছিলেন, 'কন্ট্রোল থেকে আমাকে বলা হয়েছে, আপনি যদি দয়া করে এই জার্সিটি ঢেকে ফেলেন।' আরও এক স্টুয়ার্ড তার উদ্দেশে বলছিলেন, 'জার্সিটি জাতীয়তাবাদী মনে হতে পারে।'

পাকিস্তানি মিডিয়ার তথ্যমতে, ঐ দর্শকের নাম ফারুক নাজার। নাজার ভিডিওতে বলেন, 'তারা আমাকে জার্সি ঢেকে ফেলতে বলেছে। আমি চেয়েছি তারা এটা লিখিতভাবে দিক।'তিনি এ-ও জানান, আশপাশে থাকা ভারতীয় সমর্থকদের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না।

 


পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, স্থানীয় পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়। শেষপর্যন্ত নাজার মাঠ ছেড়ে চলে যান, তবে জার্সি ঢেকে ফেলতে রাজি হননি।


এই ঘটনার পর কাউন্টি ক্লাবটি তদন্ত শুরু করেছে। ল্যাঙ্কাশায়ার ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এক মুখপাত্র বলেন, 'যে ঘটনাটির উল্লেখ করা হয়েছে তা সম্পর্কে আমরা অবগত এবং বিষয়টির প্রেক্ষাপট ও সম্পূর্ণ তথ্য জানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।'


টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ টেস্টের ভেন্যু এমিরেটস ওল্ড ট্রাফোর্ডের নিরাপত্তা নীতিতে উল্লেখ ছিল, শুধুমাত্র অংশগ্রহণকারী দলগুলোর, অর্থাৎ ভারত ও ইংল্যান্ডের সমর্থনকারী পোশাক পরার অনুমতি রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে ল্যাঙ্কাশায়ার ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখিয়েছে। ওই মাঠকেন্দ্রিক দ্য হান্ড্রেড দলের নাম ম্যানচেস্টার ওরিজিনালস, যার ৭০ শতাংশ মালিকানা পেতে যাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ, যারা আইপিএলের লখনৌ সুপারজায়ান্টসের মালিক। ক্লাবের সিইও ড্যানিয়েল গিডনি সম্প্রতি বিসিসিআইকে 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে অংশীদার করার কথাও বলেছেন।

Leave Your Comments