ভাত খাওয়া নিয়ে কথা কাটাকাটি, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।


সোমবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 
নিহতের নাম জামাল হোসেন (২১)। তিনি পলিয়ানপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
 
স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, সকালে ভাত খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই উজ্জল হোসেন তার হাতে থাকা ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
 
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে ভাত খাওয়া নিয়ে তর্কের একপর্যায়ে উজ্জল তার ছোট ভাই জামালকে ছুরিকাঘাত করেন। পরে তিনি পালিয়ে যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
 
ওসি জানান, উজ্জল পেশায় একজন ফেরিওয়ালা। তিনি ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রি করতেন। তার কাছে সব সময় একটি ধারালো ছুরি থাকত, সেটিই হত্যাকাণ্ডে ব্যবহার হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।