ফিরে যেতে পারেননি সেন্টমার্টিনে আশ্রয় নেয়া সেই ২০ রোহিঙ্গা

Date: 2025-07-27
news-banner

সাগর উত্তাল থাকার কারণে মিয়ানমার থেকে আসা সেই ২০ রোহিঙ্গা ট্রলারসহ ফিরে যেতে পারেননি। রোববার (২৭ জুলাই) বিকেল পর্যন্ত তারা কক্সবাজারের সেন্টমাটিন দ্বীপে বিজিবির হেফাজতে রয়েছেন।


এর আগে গত শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে সাগর উত্তাল থাকায় ট্রলারটি সেন্টমার্টিনের উত্তর সৈকতের তীরে ভেড়ে। ট্রলারে থাকা রোহিঙ্গাদের মধ্যে ১৬ পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে। তাদের মধ্যে পাঁচজন একটি পরিবারের সদস্য।


এ তথ্যটি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আবহাওয়া অনুকূলে না থাকায় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। আবহাওয়ার পরিস্থিতি ভালো হলে রোহিঙ্গাসহ ট্রলারটি মিয়ানমারের ফেরত পাঠানো হবে বলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন।


তিনি বলেন, ‘রোহিঙ্গারা বর্তমানের সেন্টমাটিন দ্বীপে বিজিবির হেফাজতে রয়েছেন।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার দুপুরে রোহিঙ্গাবাহী ট্রলারটি দ্বীপের উত্তর সৈকতে ভেড়ে। ট্রলারে থাকা পাঁচজন একটি পরিবারের সদস্য। এ ছাড়া বাকি ১৫ জনের মধ্যে সাতজন মাঝিমাল্লা। সাগর উত্তাল হয়ে পড়ায় তারা জীবন বাঁচাতে সেন্টমাটিন দ্বীপের তীরে আশ্রয় নিয়েছিলেন।

রোহিঙ্গারা জানান, মিয়ানমারে সরকারি বাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে তারা সে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। বেশ কয়েকজন আগে কারাগারে বন্দি ছিলেন। মুক্তি পাওয়ার পর তারা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সাগরে ঝড়ের মুখে পড়ে ট্রলারটি সেন্টমার্টিনের উপকূলে চলে আসেন।


স্থানীয় লোকজন ট্রলারটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে বিজিবির একটি দল গিয়ে তাদের উদ্ধার করে একটি হোটেলের কক্ষে আশ্রয় দেয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের খাবার দেয়া হয়েছে। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছেন।

গত ১৮ মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

Leave Your Comments