রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় চাঁদাবাজির ঘটনায় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার (২৭ জুলাই) গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোকলেসুর রহমান সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচজনের নামে মামলা হয়েছে। তাদের আজ আদলতে পাঠানো হবে।
গ্রেফতার পাঁচজন হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান।
জানা গেছে, সম্প্রতি রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতা। শাম্মী পলাতক থাকায় তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করা হয়। কয়েক দিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসেন।
সবশেষ গত শনিবার (২৬ জুলাই) রাতে আবারও ওই বাসায় গিয়ে ৪০ লাখ টাকা আনতে যান এই পাঁচ যুবক। পরে পুলিশে খবর দিলে তাদের আটক করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়।