৪৫ খেলোয়াড় নিয়ে যুব হকি বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

Date: 2025-07-26
news-banner

যুব হকি বিশ্বকাপ সামনে রেখে ৪৫ খেলোয়াড় নিয়ে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। রোববার (২৬ জুলাই) থেকে শুরু হয় বাংলাদেশের যুবাদের এই প্রস্তুতি। আপাতত দেশি কোচের অধীনেই প্রস্তুতি শুরু করলেও ১ সেপ্টেম্বর যোগ দেবেন নতুন বিদেশি কোচ। এ ছাড়া প্রস্তুতির অংশ হিসেবে এশিয়া ও ইউরোপের একাধিক দলের সাথে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে হকি ফেডারেশনের।


গত বছরের ডিম্বেরে যুব হকি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। এমন অর্জনের পর দেশে ফিরলে দলকে সংবর্ধনা দেয় হকি ফেডারেশন। সেই সঙ্গে বিশ্বকাপ সামনে রেখে সব ধরনের সুযোগ সুবিধা, এমনকি ফেব্রুয়ারি-মার্চের মধ্যে লিগ শুরুরও আশ্বাস দেয়া হয় ফেডারেশনের পক্ষ থেকে। 

 
তবে এখনও পর্যন্ত লিগ শুরুর খবর নাই, গত ৭ মাসেও অনুশীলনে নামতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।

 
এদিকে বিশ্বকাপ শুরুর ৪ মাস আগে অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতির ব্যবস্থা করল বাংলাদেশ হকি ফেডারেশন। আজ (২৬ জুলাই) ছিল যুব হকি দলের প্রাথমিক স্কোয়াডের রিপোর্টিং। তবে আপাতত যুব দলের ক্যাম্প পরিচালনা করবেন দুই বাংলাদেশি কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব। 
 
সেপ্টেম্বরের ১ তারিখ থেকে দলের সঙ্গে যোগ দেবেন ডাচ কোচ সিগফ্রাইড অকম্যান। সবশেষ তিনি কাজ করেছেন ওমান দলের হয়ে। বলতে গেলে, বাংলাদেশ যুব হকি দলে তার দায়িত্ব নেওয়া এক রকম চূড়ান্ত।
 
 
জানা গেছে, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়া ও ইউরোপে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করবে হকি ফেডারেশন। এছাড়া মালয়েশিয়ার সঙ্গেও কথা হয়েছে ফেডারেশনের, তবে চূড়ান্ত হয়নি। তবে কোচ আসলে সব ঠিক করবে বলেও জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব:) রিয়াজুল হাসান।

Leave Your Comments