ইজারার কারণে অনিশ্চিত আমনের আবাদ, মিনহাজ নদীর নাব্যতা ফিরানোর দাবি

Date: 2025-07-26
news-banner

খুলনার পাইকগাছার আলোচিত মিনহাজ নদীর মুখে পলি পড়ে পানি চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় চারটি ইউনিয়নের হাজারো বিঘা জমিতে আমন ধানের আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও ইজারা উন্মুক্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গোড়া বাজারে শত শত মানুষ জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন জিএম সামছুর রহমান। বক্তব্য দেন মাও. আমিনুল ইসলাম, মোজাফফর হোসেন, আসমত শিকারী, মাও. আবুল কালাম, সজল সানা প্রমুখ।

 
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, ২৫১.২৫ একরের মিনহাজ নদী (বদ্ধ জলাশয়) লস্কর, গড়ইখালী, চাঁদখালী ও কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম। আষাঢ়ের অতিবৃষ্টিতে বিলগুলোতে জলাবদ্ধতা তৈরি হলেও নদীর মুখ ভরাট থাকায় পানি শিবসায় নামতে পারছে না। এতে ঘের প্লাবিত হয়ে কোটি টাকার মাছ ভেসে গেছে, আর কৃষকরা আমনের বীজতলা তৈরি করতে পারছেন না।
 
বক্তারা আরও জানান, ১৪৩১ থেকে ১৪৩৬ সন পর্যন্ত স্থানীয় সুন্দরবন মৎস্যজীবী সমিতিকে জেলা প্রশাসনের মাধ্যমে ইজারা দেয়া হয়েছে। বার্ষিক ইজারা মূল্য ৩৬ লাখ ২৫ হাজার টাকা এবং ভ্যাট ৯ লাখ টাকা। ইজারার পর জলাশয়ে মাছ চাষ শুরু হলে পানি সরবরাহ আরও ব্যাহত হয়।

Leave Your Comments