মায়ের কোলে ঘুমিয়ে ছিল নাঈম, সাপের কামড়ে মৃত্যু!

Date: 2025-07-26
news-banner

নড়াইলের লোহাগড়া মায়ের কোলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নাঈম শেখ (৯) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস গণমাধ্যমকে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাঈম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্ব পাড়া গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে মায়ের পাশেই ঘুমিয়ে পড়ে শিশু নাঈম। রাত ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। এ সময় শিশুর মা টের পেয়ে স্বজনদের সহযোগিতায় তাকে অসুস্থ অবস্থায় দ্রুত প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সময় সংবাদকে জানান, সাপের কাপড়ে শিশুর মৃত্যু দুঃখজনক। শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments