শেফালির মৃত্যুর পর বিশেষ সিদ্ধান্ত নিলেন তার স্বামী

Date: 2025-07-26
news-banner

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শোবিজ অঙ্গনে। স্ত্রীকে শেষ বিদায়ের সময় হাত জোর করে কেঁদেছিলেন শেফালির স্বামী পরাগ ত্যাগী। প্রিয় স্ত্রীর এমন মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তিনি।


অভিনেত্রীর মৃত্যু এক মাস হতে চলেছে। এরপরও শূন্যতায় ভুগছেন তার স্বামী। তাইতো বিশেষ পথ অবলম্বন করলেন তিনি। শেফালিকে প্রতিনিয়ত পাশে অনুভব করতে, চোখের সামনে ধরে রাখতে নিজের ঘরের প্রায় প্রতিটি দেয়াল ঢেকে ফেলেছেন স্ত্রীর নানা ছবিতে; কষ্ট ভুলে থাকার এই বিশেষ উপায়ই খুঁজে নিয়েছেন পরাগ।


পরাগ ত্যাগীর কাছে এই শূন্যতা অসহনীয়; স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন পরাগ। বলছেন, ‘শেফালি ছাড়া প্রতিটা দিন অসম্ভব হয়ে উঠছে।’
 

মাত্র কিছুদিন আগেও, ২৭ জুনের আগের সন্ধ্যায়— যিনি ছিলেন ঘরের প্রতিটি কোণে, পরদিন সকালেই তার আর কোনো অস্তিত্ব নেই— এই বাস্তবতা মানতেই পারছেন না পরাগ। সংসার ছিল ছোট্ট, শুধু পরাগ, শেফালি আর তাদের প্রিয় পোষ্য সিম্বা। এখন সেই ঘরটাই যেন ফাঁকা, প্রাণহীন।

সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করছেন পরাগ। সর্বশেষ নিজের বাড়ির অন্দরমহলের ছবি দিয়ে লিখেছেন,‘আমি হয়তো তোমাকে জড়িয়ে ধরতে পারব না। কিন্তু আমার হৃদয়ে যেমন তুমি থাকবে, তেমনই আমার চোখের সামনে তুমি সর্বক্ষণ থাকবে। চেষ্টা করছি এই শূন্যতার সঙ্গে মানিয়ে নিতে। আমার পরী আমার চারপাশেই আছে। আমার প্রতি দেহের কোষে তুমি আছ। ওর জন্য প্রার্থনা করবেন সকলে।’
 

উল্লেখ্য, ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সমাধি’ সিনেমার জন‌্য ‘কাটা লাগা’ গানে কণ্ঠ দেন লতা মঙ্গেশকর। ২০০২ সালে এ গানের রিমেক হয়। মাত্র ১৯ বছর বয়সে সেই গানের মডেল হিসেবে প্রথম সবার নজর কাড়েন ভারতীয় মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালা।

Leave Your Comments