এবার বেঙ্গালুরুর পেসারের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ককে ধর্ষণের অভিযোগ

Date: 2025-07-25
news-banner

এবার অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার ইয়াশ দয়ালের বিরুদ্ধে। ভারতের জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এক কিশোরী। তার দাবি, ২০২৩ সালে যখন তিনি নাবালিকা ছিলেন, তখন একাধিকবার তাকে ধর্ষণ করেছিলেন দয়াল।


কয়েক সপ্তাহ আগে উত্তর প্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে ইয়াশ দয়ালের বিরুদ্ধে মামলা করেন এক নারী। সেখানে ওই নারী দাবি করেন, দয়াল তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেও শেষ পর্যন্ত তাকে বিয়ে না করে তার জীবন নষ্ট করেছেন। 

 
সাঙ্গানেড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিল কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, গত বুধবার (২৩ জুলাই) দায়ের করা মামলায় স্পষ্টভাবেই ইয়াশ দয়ালের নাম উল্লেখ আছে। নতুন ভারতীয় দণ্ডবিধি অনুয়াী তার বিরুদ্ধে মামলা হয়েছে। 
 
 
৬৪ ধারা মামলায় উল্লেখ আছে, এরকম অপরাধ করলে নূন্যতম ১০ বছরের কারাদণ্ড হবে। সেইসঙ্গে প্রযোজ্য পকসো (POCSO) আইনের ধারা যুক্ত করা হয়েছে। 
 
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ অভিযোগকারী কিশোরী দাবি করেছেন, ২০২৩ সালে তার বয়স ছিল মাত্র ১৭ বছর। সেই সময় ইয়াশ দয়াল তার ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তা করবেন বলে আশ্বাস দিয়ে প্রথমে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এরপর চলতি বছরের এপ্রিলে আইপিএলের জন্য জয়পুরে অবস্থানকালে আবারও তাকে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। 
 
 
এ ব্যাপারে ওসি বলেন, ‘প্রায় দুই বছর আগে থেকে অভিযুক্ত তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং একাধিকবার ধর্ষণ করে। চলতি বছরও একই ঘটনা ঘটে।’
 
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী অভিযোগ জানানোর পর দ্রুত মামলাটি রেকর্ড করা হয় এবং তদন্ত শুরু হয়েছে। শিগগিরই তার পূর্ণ জবানবন্দি রেকর্ড করা হবে।

গত ১৫ জুলাই গাজিয়াবাদ মামলায় এলাহাবাদ হাইকোর্ট ইয়াশ দয়ালের গ্রেফতার স্থগিত আদেশ দেয়। আদালত বলেন, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে জোরপূর্বক কোনো ব্যবস্থা নেওয়া যাবে না।

Leave Your Comments