সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। পর্যবেক্ষক সংস্থার বরাতে সিনহুয়া এ খবর জানিয়েছে।
প্রতিবেদন মতে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ইদলিব প্রদেশের মারেত মিসরিনে একটি অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটে। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গুদামে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকা কেপে ওঠে। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানায়, নিহতদের মধ্যে একজন নারী এবং একজন শিশু রয়েছে। অস্ত্র গুদামটি সিরিযার সরকারের অংশীদার তুরস্ক সমর্থিত তুর্কিস্তান ইসলামিক পাটির্র (টিআইপি) মালিকানাধীন ছিল। টিআইপি হলো ইদলিব অঞ্চলে সক্রিয় একটি দল, যেটি প্রধানত উইঘুর যোদ্ধাদের নিয়ে গঠিত।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সরকারি সংবাদ সংস্থা সানা আগে বিস্ফোরণে ৭ জন নিহত এবং ১৫৭ জন আহত হওয়ার খবর জানিয়েছিল। আহতদের অনেকের অবস্থা গুরুতর।
ইদলিবের হাসপাতালগুলো রক্তদানের জন্য জরুরি আবেদন জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। অন্যদিকে স্থানীয় নাগরিক সুরক্ষা গোষ্ঠীগুলো ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ পুনরুদ্ধার করতে যোগ দেয়।
তবে ঠিক কি কারণে বা কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানায়নি কর্তৃপক্ষ। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ‘গভীর তদন্ত’ শুরু হয়েছে। তদন্তের পর দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হচ্ছে। চলতি মাসে এই অঞ্চলে এটা ছিল তৃতীয় বিস্ফোরণ। এর আগে মাসের শুরুর দিকে কাফরিয়া ও আল-ফু'আ অঞ্চলে দুটি বিস্ফোরণ ঘটে।