নোয়াখালীর হাতিয়া পূর্ব পাশের সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে ১২ মাঝিমাল্লাসহ ভোলার একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীররাতে বৈরি আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটির ডুবে যায়। দুর্ঘনাস্থলটি জেলেদের কাছে ঠেঙ্গার চর হিসাবে পরিচিত।
এ ঘটনায় তাৎক্ষণিক ১১ জেলে উদ্ধার হলেও মো. ইউসুফ দেওয়ান (৩৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ মো. ইউসুফ দেওয়ান (২৭) ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কনদর্পপুর গ্রামের আবদুল মালেক দেওয়ানের ছেলে।
আড়তদার মো. তাহের বুলাই ও বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা সেক্রেটারি এরশাদ ফরাজি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজের স্বজন ও আড়তদার জানান, গত ২০ জুলাই কামাল চৌকিদার ১২ মাঝিমাল্লাসহ সাগর মোহনায় মাছ শিকারে বের হন। তাদের মাছ ধরে ফিরে আসার সময় ঘনিয়ে আসছিল। শনি-রোববার ভোলার ইলিশা এলাকায় ফিরে আসতো। কিন্তু শুক্রবার সকালে খবর আসে রাতে মাছধরা ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। পরে আশপাশের জেলে ট্রলারের সাহায্যে ১১ জনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ রয়েছেন।
এদিকে, ইউসুফের নিখোঁজ হওয়ার খবরে পরিবারে শোকের মাতম নেমে এসেছে।
ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা সেক্রেটারি মো. এরশাদ ফরাজি জানান, ঘটনাস্থলটি হাতিয়ার পূর্বপাশে। নিখোঁজের বিষয়টি স্থানীয় কোস্টগার্ডকে জানানো হয়েছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান, ঠেঙারচর এলাকাটি তাদের আওতায় নয়, তিনি এখনো কোনো খবর পাননি।