সকল প্রতিকূলতার মধ্যেও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। আজ (২৪ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই সভা। এশিয়া কাপ, এসিসিতে সদস্য বৃদ্ধি এবং এশিয়ান ক্রিকেটের উন্নতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সভায়।
এসিসির এই এক সভা নিয়ে নাটকীয়তার যেন কমতি ছিল না কোনো। কুটনৈতিক জটিলতার কথা বলে বাংলাদেশে এই সভায় আসতে সর্বপ্রথম আপত্তি জানিয়েছিল ভারত। তাদের দাবি ছিল ভেন্যু পরিবর্তন। আর সেটা করলে সভায় যোগ দিতে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছিল বিসিসিআই।
বিসিসিআইয়ের আপত্তির বিষয়টি জানতে পেরেও বাংলাদেশে সভা আয়োজনের বিষয়ে অনড় ছিলেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভী। এরপর ভারতের মতো আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানও বাংলাদেশে অনুষ্ঠিত সভায় যোগ দিতে আপত্তি জানায়। এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, গুরুত্বপূর্ণ দেশগুলো যোগ না দিলে কার্যকারিতা হারাবে এসিসির সভা। তাই সভা নিয়ে অনিশ্চয়তার মেঘ ছিল গতকাল পর্যন্তও।
এতসবের পর নির্দিষ্ট সময় নির্দিষ্ট ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে এসিসির সভা। অনলাইনে যোগ দিয়েছেন ভারতসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা আর অর্ধেকের বেশি সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সশরীরে। সভা শেষে সংবাদ সম্মেলনে আজ (২৪ জুলাই) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে কৃতিত্ব দিয়েছেন এসিসি চেয়ারম্যান মহসীন নাকভী। আমিনুল অবশ্য সেই কৃতিত্ব নিতে কিছুটা কৃপণতা দেখালেন। কথার মধ্যে এসিসি সভাপতিকে থামিয়ে দিয়ে তিনি বলেন, ‘সবকিছুই নেতৃত্বের বিষয়। সব সদস্য দেশই সহায়তা করেছে। কারণ আমরা সবাই ক্রিকেটের জন্য কাজ করছি।’
তবে অসাধারণ আতিথেয়তার জন্য নিজের বক্তব্যের মধ্যে আরও একবার বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহসিন নাকভী। তিনি বলেন, ‘আমি সবার কাছে কৃতজ্ঞ, যারা এখানে এসেছেন এবং অনলাইনে যোগ দিয়েছেন। আমি আমিনুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই তার ও বিসিবির আতিথেয়তার জন্য, অসাধারণ দুটি দিন কেটেছে। আমি এসিসির তরফ থেকে তাদের জানাতে চাই, তারা যেভাবে সবকিছু আয়োজন করেছে, অসাধারণ।’
আজকের সভায় অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল এশিয়া কাপের আয়োজন। তবে এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত জানাতে চায়নি এসিসি। আনুষ্ঠিক ঘোষণায় সবকিছু অবগত করার কথা বলে তিনি জানান, সূচি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে এসিসির। সমাধান হলেই পাওয়া যাবে সূচি, ‘এটা (এশিয়া কাপের সূচি) ঘোষণা করা হবে দ্রুতই। আমরা বিসিসিআইয়ের সঙ্গে পরামর্শ করছি। আশা করি দ্রুতই সমাধান করতে পারব।’
সশরীরে ভারতের কোনো প্রতিনিধি না থাকার বিষয়ে নাকভী বলেন, ‘কিছু দেশ ঢাকায় আসতে পারেনি। এটা সবসময়ই হয়। আমি সিঙ্গাপুর যেতে পারিনি (আইসিসির সভায়)। এটা স্বাভাবিক বিষয়, বেশির ভাগ সদস্যই এসেছে। কিছু মানুষ আসতে পারেনি তাদের ব্যস্ত সূচির জন্য। এসিসি ও বিসিবির জন্য ভালো বিষয় হচ্ছে সবাই অংশ নিয়েছে।’
২০২৭ সালে বাংলাদেশে হওয়ার কথা আছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্ট নিয়েও আলোচনা করেছেন এসিসি চেয়ারম্যান। এই বিষয়ে নাকভী বলেন, ‘আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমি এবং আমিনুল ভাই কিছু অমীমাংসিত বিষয় সমাধান করব এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি সম্পন্ন করব।’