বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলা গ্রেফতার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে

Date: 2025-07-24
news-banner

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে রাজধানীর যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাকে আদালতে নেয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে তাকে আদালতে নেয়া হয়।

 
জানা গেছে , ১৮ জুলাই যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।
 
এর আগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সকাল ৮টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
 
নাসিরুল ইসলাম ‌জানান, এবিএম খায়রুলের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলা আছে। এছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের অভিযোগেও একটি মামলা আছে।
 
 
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন খায়রুল হক। ২০১১ সালে ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি।
 
আওয়ামী লীগ সরকারের শেষ সময় খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন।
 
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক।

Leave Your Comments