গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন হবে: ফাওজুল কবির

Date: 2025-07-22
news-banner

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংস ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, প্রাণহানি যেখানেই হোক না কেন, মানুষের জীবনের চেয়ে বড় কিছু হতে পারে না।


মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে গোপালগঞ্জ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


ফাওজুল কবির বলেন, এ ধরনের অনভিপ্রেত ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সে জন্য সরকার একজন বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

উপদেষ্টা বলেন, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ব্যাপকতা প্রশাসন ধারণা করতে না পারলেও আইনশৃঙ্খলা বাহিনী সীমিত সম্পদ নিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে।

তিনি বলেন, পুলিশের গাড়িতে আগুন দেওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাকারীরা অবশ্যই শাস্তি পাবে, তবে যাতে নিরীহ কেউ হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে।

গণতন্ত্র চর্চার প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের জন্য অগ্নিপরীক্ষা। আমরা এমন নির্বাচন চাই যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে এবং ফলাফল প্রকাশ্যে ঘোষণা করা হয়।’


পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লে. জেনারেল আ. হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরী।

তারা ভাঙচুর হওয়া জেলা কারাগার, শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর ও এনসিপির সভাস্থল পরিদর্শন করেন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

Leave Your Comments