সিরিজ জয় নিশ্চিত করতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

Date: 2025-07-22
news-banner

উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় সারাদেশে বিরাজ করছে শোকের আবহ। আর এই শোকের আবহের মাঝেই কিছুক্ষণ পর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।


এর আগে কখনো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতেনি বাংলাদেশ। আজ জিতলেই সেই খরা কাটবে টাইগারদের। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দুই দেশের ক্রিকেটাররা, সবার কাছে দোয়াও চেয়েছেন তারা। 

 
এ ছাড়া মাইলস্টোনে হতাহতদের স্মরণে আজ কালো আর্মব্যান্ড পরিধান করে মাঠে নামবে দুই দেশের ক্রিকেটাররা। এ ছাড়া বেশকিছু পদক্ষেপ নিয়েছে বিসিবি। সকালে মিলাদ ও দোয়া মহফিল, স্টেডিয়ামসহ বিসিবির সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, খেলার শুরুতে এক মিনিট নীরবতা পালন এবং ম্যাচের মাঝে গান-বাজনা বন্ধ। 
 
 
এদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। অন্যদিকে পাকিস্তানের জন্য এ ম্যাচটি সিরিজে টিকে থাকার লড়াই। 
 
তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচ শুরুর আগে আলোচনায় দুই দলের একাদশ। কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, সে নিয়েও রয়েছে কৌতূহল। 
 
প্রথম ম্যাচে মিরপুরের উইকেটে পার্থক্য গড়ে দিতে বড় ভূমিকা রেখেছিলেন বোলাররা। ব্যাটারদের নাজেহাল অবস্থায় দেখে মিরপুরের উইকেটের সমালোচনাও করেছিলেন পাকিস্তানের কোচ এবং ক্রিকেটাররা। তবে দ্বিতীয় ম্যাচেও উইকেট বদলের সম্ভাবনা নেই বললেই চলে। খুব সম্ভবত আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।
 
 
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। 
 
পাকিস্তান সম্ভাব্য একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ। 

Leave Your Comments