নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

Date: 2025-07-21
news-banner

ফেনী শহরের নির্মাণাধীন একটি ১০ তলা ভবন থেকে পড়ে হান্নান হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে 'হোম প্লাস' ভবনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত হান্নান নোয়াখালীর চর জব্বর উপজেলার উত্তর সুবর্ণচর গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন এবং ফেনীতে কাজ করতেন।


জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত ১০ তলা ভবন থেকে নিচে পড়ে যান হান্নান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

মাত্র চার মাস আগে তার বিয়ে হয়েছিলো ফেনীর দাগনভূঞা উপজেলার খুশিপুর গ্রামের আবুল কালামের ছোট মেয়ে রিমার সঙ্গে। স্বামীর এমন আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ ও ভেঙে পড়েছেন রিমা।


ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। পাশাপাশি ভবনে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ঠিক ছিল কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments