এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে ১১ দলের জায়গা নিশ্চিত হয়েছিল সপ্তাহ দুয়েক আগেই। অপেক্ষা ছিল কেবল এক দলের। শনিবার (১৯ জুলাই) সে জায়গাটাও পূরণ হয়ে গেল।
বাছাইপর্বে ‘এ’ গ্রুপ থেকে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে মোটামুটি মূলপর্বের জায়গা নিশ্চিত করে রেখেছিল জর্ডান। শনিবার (১৯ জুলাই) ইরানের বিপক্ষে কোনোরকম হার এড়ালেই টিকিট পাওয়া হয়ে যেত তাদের। কিন্তু শেষ ম্যাচে এসে চমকটা দেখালো ইরান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলের জয় নিয়ে তারা স্বপ্ন ভাঙে জর্ডানের। দুদলের পয়েন্ট সমান ৯ করে হলেও, মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায় মূলপর্বের টিকিট নিশ্চিত করে ইরান। আর তাতে নিশ্চিত হয়ে যায় ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের ১২ দল।
আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ২১তম আসরটিতে বাছাইপর্ব থেকে সবার আগে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। ‘সি’ গ্রুপের ম্যাচে মিয়ানমান, বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে গত ২ জুলাই অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করে লাল সবুজরা। নিজেদের ইতিহাসে প্রথমবার তারা জায়গা করে নেয় এশিয়ান কাপের মূলপর্বে।
তিন দিন পর জায়গা নিশ্চিত করে আরও ৬ দল। গ্রুপ ‘বি’ থেকে ভারত, ‘ডি’ থেকে চাইনিজ তাইপে, ‘ই’ থেকে ভিয়েতনাম, ‘এফ’ থেকে উজবেকিস্তান, ‘জি’ থেকে ফিলিপাইনস আর ‘এইচ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে জায়গা নিশ্চিত করে উত্তর কোরিয়া।
অন্যদিকে আয়োজক হিসেবে গত বছরের ১৫ মে জায়গা নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। আর সবশেষ ২০২২ সালের আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় স্থান অর্জনকারী জাপান বাছাই ছাড়াই মূলপর্বে সুযোগ পায়।
মূলপর্বে তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে টিকিট নিশ্চিত করা ১২টি দল। কোন গ্রুপে কারা খেলবে সেটা জানা যাবে ২৯ জুলাইয়ের ড্র’য়ের মাধ্যমে। যা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সিডনি শহরের সিডনি টাউন হলে।
এক নজরে ২০২৬ নারী এশিয়ান কাপে টিকিট নিশ্চিত করা ১২ দল–
অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশ, ভারত, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, উজবেকিস্তান, ফিলিপাইনস, উত্তর কোরিয়া ও ইরান।