ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সম্প্রচারের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। তিনি প্রশ্ন তুলেছেন চলমান গাজা যুদ্ধের প্রকাশিত নিউজে কেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়াহুকে অভিযুক্ত যুদ্ধাপরাধী বা ইসরাইলের সামরিক বাহিনীকে মার্কিন সমর্থিত আইডিএফ উল্লেখ করে না।
শনিবার (১৯ জুলাই) সামজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তুলেন।
জোহরান মামদানি বলেন, বিবিসি সবসময় ‘ইরান-সমর্থিত হুতি’ এবং ‘হামাস-পরিচালিত হাসপাতাল’ উল্লেখ করলেও কখনো ‘মার্কিন-সমর্থিত আইডিএফ’ বা ‘অভিযুক্ত-যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু’ উল্লেখ করে না কেন?
নিউইয়র্ক সিটির নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী ইসরাইলের একজন কট্টর সমালোচক। তিনি গাজায় ইসরাইলের সামরিক কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। তিনি বহুবার গাজায় ইসরাইলের চলমান সামরিক হামলার সমালোচনা করেছেন। তবে তিনি ইসরাইলের অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন।
জোহরান মামদানি সম্প্রতি ঘোষণা দেন, যদি নেতানিয়াহু নিউইয়র্ক সিটিতে আসেন, তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। এরপর রিপাবলিকানরা তার বিরুদ্ধে সমালোচনামুখর হয়ে উঠে।
গত বছরের নভেম্বরে গাজা এবং লেবাননে সংঘাতের সময় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।