শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হাতেনাতে আটক

Date: 2025-07-20
news-banner

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।


রোববার (২০ জুলাই) ভোরে শ্যামপুর মডেল থানার ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোড এলাকা থেকে সিয়াম সরকার (২২) নামে ওই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়।

 
শ্যামপুর মডেল থানা সূত্র জানায়, ভোরে গোপন সংবাদের মাধ্যমের জানা যায় শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস্ ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুজন কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছেন। এমন তথ্যের ভিত্তিতে শ্যামপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে হাতেনাতে আটক করা হয়। এ সময় রাফসান নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরেক কর্মী কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় সিয়াম ও রাফসানের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। সেই মামলায় সিয়ামকে গ্রেফতার দেখানো হয়েছে। 
 
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম সরকার জানান, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী। শ্যামপুর এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টার কথা স্বীকার করেছেন তিনি।
 
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর পলাতক রাফসানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave Your Comments