এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা চার দফা দাবিতে আন্দোলন করছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে, এ কর্মসূচির নাম দেয় তারা ‘মার্চ টু সচিবালয়’।
তবে বিকেল ৪টার দিকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা।
পরে পুলিশ কর্মকর্তারা তাদের বুঝিয়ে চার সদস্যের প্রতিনিধিদলকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলিয়ে দেয়ার আশ্বাস দেন। এতে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বকশিবাজারে ঢাকা বোর্ডের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ করে।
শিক্ষার্থীদের চার দফা দাবি
১. প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে। বোর্ডভেদে প্রশ্নের মান ও জটিলতায় যে অসামঞ্জস্যতা ছিল তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
২. অকৃতকার্য শিক্ষার্থীদের অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে।
৩. এমসিকিউ ও সিকিউ উভয় অংশ মিলিয়ে পাসের ব্যবস্থা করতে হবে।
৪. অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরে কলেজে অ্যাডমিশন নিতে পারবে।