চবিতে জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

Date: 2025-07-15
news-banner

‘জুলাই বিপ্লবের চেতনায় গড়ে তুলুন বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র’-এ স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’।


সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় এ প্রতিযোগিতা।


এ প্রতিযোগিতার উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) এবং জুলাই বিপ্লব উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

প্রধান অতিথি চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। এ আন্দোলনকে ধারণ করে আমরা আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমে উদ্বুদ্ধ করছি। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা, বিতর্ক চর্চা এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাম্পাসকে উৎসবমুখর রাখার চেষ্টা করছি।’


তিনি আরও বলেন, ‘জুলাই গণআন্দোলনকে ধারণ করার জন্য চবি প্রশাসন মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। আজকের এই প্রতিযোগিতা তারই অংশবিশেষ।’

এছাড়া সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘July Women's Day’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে ছিল বেলা ১১টায় ‘July Women's Day’ র‍্যালি। র‍্যালিটি স্মরণ চত্বর থেকে শুরু হয়ে কাটা পাহাড় ঘুরে শহীদ মিনার দিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ছাত্রী সমাবেশ।

Leave Your Comments