যশোরের জিরোপয়েন্টে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভা থেকে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের সদস্য সচিব শেখ আখতার হোসেন। বলেন, বাংলাদেশের গণহত্যাকারী ও মানবতাবিরোধী শেখ হাসিনাকে দেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করতে হবে। ভারতের দাদাগিরি জনগণ আর মেনে নেবে না।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই জনসভায় বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামনে বড় আন্দোলন তৈরি হচ্ছে। কেউ যদি এনসিপির নাম ব্যবহার করেও দুর্নীতি করে, তাহলে তাদের বিরুদ্ধেও জনগণ রাস্তায় নামবে।’
তিনি বলেন, ‘একটি দল বলে তাদের কোটি কোটি কর্মী আছে। কিন্তু ফ্যাসিবাদের আমলে দেখেছি কার কত লোক ছিল। মানুষের হিসাব আমাদের দেখাবেন না। আমরা দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার দল হতে চাই।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘বিচার ও সংস্কার ছাড়া বাংলার মানুষ নির্বাচন মেনে নেবে না। আমরা স্বাধীনতা এনেছি, এবার আনবো সংস্কার।’
পুলিশ এবং সেনাবাহিনী প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে, কোনো দলের হয়ে নয়। আর সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, এটিই জাতি চায়।’
এর আগে দুপুরে রেল রোড মডেল মসজিদ থেকে লাল-সবুজ পতাকা হাতে জুলাই পদযাত্রা শুরু হয়। নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেন পদযাত্রায়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি জিরোপয়েন্টে এসে এই জনসভায় মিলিত হয়।