'নেতা যদি জাহান্নামেও যান, আমরা যাব' খুলনায় এনসিপি নেতা ওয়াহিদুজ্জামান

Date: 2025-07-12
news-banner

'নেতা যদি জাহান্নামেও যান, আমরা চোখ বন্ধ করে জাহান্নামেও যেতে রাজি' এমন বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক মো. ওয়াহিদুজ্জামান।


শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনার খালিশপুর পিপলস চত্বরে আয়োজিত এক সভায় দলটির কেন্দ্রীয় সদস্য সচিব মো. আখতার হোসেনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি এ কথা বলেন। বক্তব্য চলাকালে উপস্থিত নেতাকর্মীরা হাততালিতে তা সমর্থন জানান। বক্তব্যটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।


এ বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে অন্ধ আনুগত্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, কেউ বলছেন এটি নেতানির্ভর রাজনীতির ভয়াবহ দৃষ্টান্ত।

এর আগে সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়। সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আর একটি দল চাঁদাবাজি ও লুটপাটের স্বাধীনতা দাবি করছে। ব্যবসায়ীদের দিয়ে রাজনীতিকে মাফিয়াকরণ করা হচ্ছে।

দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিএনপি এখন আওয়ামী লীগের লগি-বৈঠার রাজনীতির উত্তরাধিকার বহন করছে। আমরা কারো দয়ার রাজনীতি করি না।

এর আগে যশোরের হোটেল অরিয়নে এনসিপি নেতারা জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। সেখানেও তারা দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানান।

Leave Your Comments