সম্প্রতি ভগ্নিপতির জন্মদিনে বিয়ে করার আভাস দিয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান। এরপরই বলিউডের এক নায়িকার জন্মদিনে দেখা গেল এ মোস্ট এলিজেবল ব্যাচেলরকে। সেই সঙ্গে এক শিশু ভক্ত ইস্যুতেও ভাইরাল হয়েছেন এ অভিনেতা।
বুধবার (৯ জুলাই) সালমানের ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে একটি আবেগঘন পোস্ট করেন সালমান। বোন আলভিরা ও অতুলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা।’
এরপরই ভক্তদের মাঝে জল্পনা উস্কে দিয়ে লেখেন, আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।’
এ স্ট্যাটাসের পরপরই ওইদিন রাতে প্রাক্তন প্রেমিকা, বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির জন্মদিনের অনুষ্ঠানে ছুটে যান ৫৯ বছর বয়সী সালমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও। যা শোবিজ অঙ্গনে নতুন জল্পনা উস্কে দিচ্ছে।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হতেই সালমানকে দেখা যায় এক খুদে ভক্তের সঙ্গে। মায়ের কোলে থাকা শিশু ভক্ত সালমানকে চেনার সঙ্গে সঙ্গে আনন্দে হাসতে শুরু করে। যা দেখে শিশু ভক্তের কাঁধে ভালোবাসার হাত বাড়িয়ে দেন এ অভিনেতা। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তোলেন বেশ কয়েকটি ছবি। এরপর লিফটে উঠে মূল আয়োজনে প্রবেশ করেন। এ ভিডিও দেখে ভক্তরা বলছেন, বাবা হিসেবে অতুলনীয় হবেন এ মেগাস্টার।
এদিকে প্রাক্তন প্রেমিকা সংগীতা বিজলানির ৬৫তম জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটার মুহূর্তের আগেই পৌঁছান সালমান। এ সময় কালো টিশার্ট ও নেভি ব্লু জিন্স পরেছিলেন তিনি। এখন পর্যন্ত সংগীতার কোনো জন্মদিনে অনুপস্থিত থাকতে দেখা যায়নি বলিউড ভাইজানকে। অন্যদিকে সালমানের পরিবারের প্রায় সব অনুষ্ঠানেই উপস্থিত থাকতে দেখা যায় প্রাক্তন এ প্রেমিকাকে। তাই সালমানের বিয়ের ইঙ্গিতের পর তার পাত্রী হিসেবে সংগীতাকে নিয়ে জল্পনা বুনছেন নেটিজেনরা।
১৯৮৬ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় একে অন্যের প্রেমে পড়েন সালমান ও সংগীতা। এরপর দীর্ঘ ৮ বছর প্রেমের সম্পর্কে থাকার পর ১৯৯৪ সালে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পারিবারিকভাবে সব আয়োজন শেষে ছাপানো হয় বিয়ের কার্ডও। কিন্তু শেষ মুহূর্তে সে বিয়ে হয়নি। এক সাক্ষাৎকারে এ বিয়ে প্রসঙ্গে সালমান জানিয়েছিলেন তিনি প্রতারণা করেছিলেন যে কারণে সংগীতা তাকে বিয়ে করতে চাননি।
সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ১৯৯৬ সালে ক্রিকেটার মোহাম্মদ আজহার উদ্দিনকে বিয়ে করেন সংগীতা। তবে সে সম্পর্কও ২০১৯ সালে ভেঙে যায় তার।