রাজশাহী কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার এক বছর পর অবশেষে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে যাচ্ছে কলেজ প্রশাসন। বিভিন্ন ছাত্র সংগঠনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাজশাহী কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৬ জুলাই কলেজ ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার তদন্তের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে শিক্ষক মিলনায়তনে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করা হবে। ওইদিন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের কাছ থেকে তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “জুলাই বিপ্লব” ও তার পূর্ববর্তী সময়কালে সাধারণ শিক্ষার্থীদের ওপর সংঘটিত সহিংসতার তদন্তের লক্ষ্যে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যসহ উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, রাজশাহী কলেজ প্রশাসনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তদন্ত কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ করব এবং সুষ্ঠু তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব।
অপরদিকে, কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, একাধিকবার স্মারকলিপি দেওয়ার পর অবশেষে প্রশাসন তদন্ত শুরু করেছে। আমরা চাই, হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ কর্মীদের অ্যাকাডেমিক ও আইনি ব্যবস্থার আওতায় আনা হোক। তাদের নাম-ছবিসহ প্রকাশ করে কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মাসেই অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। নাহলে এই তদন্ত অর্থহীন হয়ে পড়বে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, ঘটনার দিন যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের কাছে তথ্য ও প্রমাণ আহ্বান করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিলে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় সাধারণ শিক্ষার্থীদের ওপর। সেই ঘটনার এক বছর পার হলেও এতদিন আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত শুরু হয়নি।