টানা বৃষ্টিতে পানির নিচে বরিশালের অধিকাংশ সড়ক

Date: 2025-07-09
news-banner

টানা বৃষ্টিপাতে পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে বরিশাল নগরীর অধিকাংশ সড়ক ও এলাকাগুলো। বুধবার (৯ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। নগরীর বাসিন্দারা প্রতিদিনের কাজকর্মে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।


বিশেষ করে বগুড়া রোডের একাংশ, রাজাবাহাদুর সড়ক এবং বটতলা থেকে চৌমাথা সড়কের অলিগলিতে হাঁটু পর্যন্ত পানি জমে আছে। শহরের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিএম কলেজ, টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র), শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজেও পানি জমে আছে বলে জানা গেছে।


বগুড়া রোড এলাকার ব্যবসায়ী ধলু ক্ষোভ প্রকাশ করে বলেন, যতই ড্রেন পরিষ্কার বা নতুন ড্রেন নির্মাণ করুক, সামান্য বৃষ্টি হলেই সড়কটি ডুবে যায়।

বটতলা এলাকার বাসিন্দা ইসমাইল বলেন, প্রয়োজনীয় কাজ হাঁটু পানি পেরিয়ে করতে হচ্ছে। এতে সময় ও কষ্ট দুটোই বাড়ছে।

ব্যাটারিচালিত অটোরিকশা চালক সালাম বলেন, পানির কারণে রাস্তায় গাড়ি চালানো খুব কষ্টকর হয়ে গেছে। মোটরে পানি ঢুকে গাড়ি বিকল হচ্ছে। মেরামতের খরচ নিজের পকেট থেকেই দিতে হচ্ছে। যাত্রীও কম, ফলে আয়ও কমে গেছে।


বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান জানান, সকাল ৯টা পর্যন্ত বরিশালে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও কয়েকদিন এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

তবে এখনো বড় ধরনের নদীভাঙন বা প্লাবনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম। তিনি বলেন, সকাল ৯টা পর্যন্ত কীর্তনখোলা নদীসহ বরিশালের বিভিন্ন পয়েন্টে নদীর পানি পর্যবেক্ষণ করা হয়েছে। এখনও তা বিপৎসীমার অনেক নিচে রয়েছে।

Leave Your Comments