বোদায় পিতার বিরুদ্ধে শিশুকন্যাকে হত্যাচেষ্টার অভিযোগ

Date: 2025-07-08
news-banner



মোঃ আশরাফুল ইসলাম  পঞ্চগড় জেলা প্রতিনিধি 

পঞ্চগড়ের বোদা উপজেলায় ৫ মাস বয়সী শিশুকন্যা জাকিয়া আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার পিতা জাহাঙ্গীর আলম (২৫), চাচা জামিউল ইসলাম (৩৭) ও ফুফু জরিনা আক্তারের (৫৫) বিরুদ্ধে।  

গত বুধবার (২ জুলাই) বোদা থানায় শিশুটির মা মুসলিমা আক্তার মুক্তা এ অভিযোগ দায়ের করেন। ঘটনাটি সাকোয়া ইউনিয়নের আটিয়াগ্রাম এলাকায় ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ১৮ মাস আগে মুসলিমা আক্তার মুক্তার বিয়ে হয় জাহাঙ্গীর আলমের সঙ্গে। বিয়ের পর থেকে স্বামীর ভাই জামিউল ইসলাম ও বোন জরিনা আক্তারের উসকানিতে যৌতুকের দাবিতে মুক্তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। কন্যা সন্তান জন্ম দেওয়ার পর এই নির্যাতন আরও বেড়ে যায়। 

গত সোমবার (৩০ জুন) বিকেলে শিশুটির মা গোসল করার সময় জাহাঙ্গীর আলম শিশুটিকে নিয়ে তার বোন জরিনা আক্তারের বাড়িতে যায়। সেখানে তারা শিশুটিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। শিশুর কান্না শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে তারা শিশুটিকে উদ্ধার করে এবং বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়। এবিষয়ে বোদা থানার ওসি আজিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

Leave Your Comments