১৯৯৪ সালের বিদ্রোহে চাকরি হারানো ব্যাটালিয়ন আনসার সদস্যরা চাকরি পুনর্বহালের দাবিতে বিগত ১০ দিন ধরে রাজধানীর খিলগাঁও আনসার সদর দফতরের সামনে আমরণ অনশন করে আসছেন। এরইমধ্যে অনশনরতদের তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০১৮ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরেও তাদের পুনরায় নিয়োগ না দেয়ায় বছরের পর বছর কষ্ট আর অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন বলে দাবি করেন চাকরিচ্যুত সাবেক আনসার সদস্যরা।
কর্তৃপক্ষের উদাসীনতায় অবশেষে ২৯ জুন থেকে খিলগাঁওয়ে আনসার সদর দফতরের সামনে আমরণ অনশনে বসেন তারা। এর মধ্যে ৩ জন অসুস্থ হয়ে পড়েছেন।
এসময় চাকরির উপযুক্তদের পুনর্নিয়োগ ও মৃতদের পরিবারকে যথাযথ পেনশন সুবিধা দেয়ার আহ্বান জানিয়ে চাকরি পুর্নবহালের আগ পর্যন্ত অনশন বন্ধ করবেন না বলেও জানান তারা।