মঙ্গলবার (৮ জুলাই) এ খবর জানিয়েছে দ্য টাইমস অফ ইসরাইল।
এতে বলা হয়, সোমবার রাতে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে এক নৈশভোজে বসেছিলেন, তখন উভয় নেতাই গত মাসে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরাইলি এবং যুক্তরাষ্টের হামলার প্রশংসা করে বলেছিলেন যে, অভিযানটি সফল হয়েছে।
যদিও তারা স্বীকার করেছেন, ইরান যদি শান্তি বজায় রাখতে না চায় তবে শত্রুতা পুনরায় শুরু হতে পারে।
ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠকের আগে দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার গত সপ্তাহে ওয়াশিংটনে এক বৈঠকের পর কর্মকর্তাদের বলেছিলেন যে, তিনি মনে করেন হোয়াইট হাউস নির্দিষ্ট পরিস্থিতিতে নতুন ইসরাইলি হামলাকে সমর্থন করবে।
নির্দিষ্ট পরিস্থিতি বলতে বোঝানো হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণের প্রচেষ্টা, অথবা গত মাসে মার্কিন বোমা হামলায় ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে মজুত থাকা বিদ্যমান উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম উত্তোলনের প্রচেষ্টা অন্তর্ভুক্ত।
গত মাসে ইরানের নাতানজ, ইসফাহান এবং ফোর্ডোর তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিশাল বাঙ্কার-বাস্টার গোলাবারুদ ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এরপর, ওয়াশিংটন ইসরাইল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের অবসান ঘটাতে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে।
প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে ভূগর্ভস্থ স্থানে আনুমানিক ৪০০ কিলোগ্রাম (৮৮২ পাউন্ড) ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল। যা অস্ত্র-গ্রেড থেকে মাত্র এক ধাপ দূরে। বিশেষজ্ঞ এবং ইসরাইলি কর্মকর্তা উভয়ই বলেছেন যে, মার্কিন বোমা হামলার আগে এটি স্থানান্তরিত করা হতে পারে। হোয়াইট হাউস সেই মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে, বলেছে যে ইউরেনিয়াম হামলায় চাপা পড়েছিল।
এদিকে, ইসরাইলি কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অ্যাক্সিওস রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রন ডার্মার।
তবে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে দেখা করেন ডার্মার।
ওই বৈঠকের পর, নেতানিয়াহুর আস্থাভাজন ডার্মার ইসরাইলি কর্মকর্তাদের বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের জন্য শূন্য-সমৃদ্ধকরণ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার নেতানিয়াহু এবং ডার্মার ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে নৈশভোজে বসার কিছুক্ষণ আগে উইটকফ এবং রুবিওর সাথেও দেখা করেছিলেন।