প্রথমবারের মতো মৌসুমি ফল উৎসবে মাতলো চাঁবিপ্রবি

Date: 2025-07-08
news-banner

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) প্রথমবারের মতো প্রাণবন্তভাবে আয়োজন করা হলো মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫।


সোমবার (৭ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ৪০০১ ও ৪০০২ নম্বর কক্ষে আয়োজিত এই উৎসব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন টুম্পা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। তিনি পবিত্র কোরআনের দুটি আয়াত তিলাওয়াত ও তা ব্যাখ্যার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

তিনি বলেন, ‘আল্লাহর দয়ায় বৃষ্টি, ফলমূল ও প্রাকৃতিক সম্পদ আমাদের জীবনের জন্য অপরিহার্য। এ নিয়ে চিন্তা করা ঈমানদারের কাজ।’

উপাচার্য বলেন, ‘এই ফল উৎসব কেবল ফল খাওয়ার আয়োজন নয়, বরং এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক শিকড়ের প্রতি ভালোবাসার প্রকাশ। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও ঐতিহ্যবোধ গড়ে ওঠে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত থাকবে।’

উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের নানা রকম মৌসুমি ফল নিয়ে ছিল চোখধাঁধানো প্রদর্শনী। আম, লিচু, কাঁঠাল, জাম, ড্রাগন ফল, পেঁপে, আনারস, বিলাতি গাব, জামরুল, পেয়ারা, কলা, কামরাঙ্গা, আমড়া, লটকনসহ নানান ফল একত্রিত হয় উৎসবের স্টলগুলোতে। প্রতিটি বিভাগের নিজস্ব স্টলে ছিল বর্ণিল সাজসজ্জা, শিক্ষার্থীদের উপস্থাপনা ও ফলের সৌন্দর্য উপভোগের সুযোগ।

অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা, হাসি-আড্ডা, ছবি তোলা এবং সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীরা বলেন, এই আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং ক্যাম্পাসজীবনে নতুন মাত্রা যোগ করেছে।


উৎসবের সমাপ্তি ঘটে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে। বিশ্ববিদ্যালয় চত্বরে আম ও কমলা-লেবুর চারা রোপণ করেন উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

এ সময় তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর হাদিস উদ্ধৃত করে বলেন, ‘কেয়ামত এসে গেলেও যদি তোমার হাতে একটি গাছের চারা থাকে, তবে তা রোপণ করো।’

তিনি ব্যাখ্যা করেন, ‘পরিবেশ রক্ষা ও সওয়াবের উদ্দেশ্যে বৃক্ষরোপণ আমাদের নৈতিক দায়িত্ব।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ।

চাঁবিপ্রবির এই প্রথম মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা, দেশীয় ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই আয়োজন আরও বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে।

Leave Your Comments