কাঁদলেন সামান্থা, বললেন ধন্যবাদ জানাতে ১৫ বছর লেগে গেল
মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ মুহূর্তে ২০২৫ সালের ‘তেলেগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র অনুষ্ঠানে অংশ নিয়েছেন অভিনেত্রী। সেখানেই ভক্তদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, তেলেগু দর্শক প্রসঙ্গে কথা বলতে মঞ্চে উঠেই ভক্তদের শ্রদ্ধা ও সম্মান জানাতে প্রথমে মাথা নিচু করেন সামান্থা। এরপর অশ্রুসিক্ত চোখে বলেন,
আমার প্রথম সিনেমা সাদরে প্রথম গ্রহণ করেছিল তেলেগু ভক্তরাই। সেই থেকে ১৫ বছরের ক্যারিয়ার। দীর্ঘ এ সময়ের উত্থান-পতনে আপনারাই আমাকে সব সময় সাপোর্ট করেছেন।
আপনাদের ভালোবাসাতেই আজ এখানে দাঁড়িয়ে আছি। আমি যত ভুলই করি না কেন, আপনারা কখনো আমাকে ছেড়ে যাননি। দীর্ঘ সময়ে আমি আপনাদের পাশে পেয়েছি কিন্তু আমি কখনো আপনাদের ধন্যবাদ বলার সুযোগ পাইনি।
তেলেগু ভক্তরা আমাকে একটি পরিচয় দিয়েছে, একটি ঠিকানা দিয়েছে। শুধু সাফল্যে ভরা ক্যারিয়ারই নয়, একটি অর্থবহ ব্যক্তিজীবন উপহার দিয়েছে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ সবাইকে। বিশ্বাস হচ্ছে না, আপনাদের কাছাকাছি হতে এ মঞ্চে আসতে আর ধন্যবাদ জানাতে ১৫ বছর লেগে গেল।