কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ছেলে তিনি। মাত্র ২০ বছর বয়সে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচ হওয়ার স্বপ্নের পেছনে ছোটা শুরু করেছিলেন। বাবা আনচেলত্তির সহকারী হিসেবে ১৩ বছর কাটানোর পর অবশেষে প্রধান কোচ হিসেবে আত্মপ্রকাশ করলেন দাভিদে আনচেলত্তি।
ব্রাজিলিয়ান সিরি আ'র বর্তমান চ্যাম্পিয়ন বোতাফাগোর প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন দাভিদে আনচেলত্তি। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির ছেলে ৩৫ বছর বয়সী দাভিদে এরই মধ্যে চুক্তি স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববার (৬ জুলাই) উভয় পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। এই ৩৫ বছর বয়সী শিগগিরই দলের দায়িত্ব বুঝে নিতে রিও দি জেনেইরোয় যাবেন বলে আশা করা হচ্ছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বোতাফাগোর কোচ হিসেবে কাজ শুরু করবেন দাভিদে।
২০১২ সাল থেকে কার্লোর সহকারী হিসেবে কাজ করছেন দাভিদে। সবশেষ পাঁচ ক্লাবে বাবার সহকারী হিসেবে নিজের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করেছেন তিনি। বায়ার্ন মিউনিখ থেকে শুরু করে একে একে নাপোলি, এভারটন, রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
এই ইতালিয়ান এই মুহূর্তে ইউরোপে পরিবারের সঙ্গে ছুতই কাটাচ্ছেন বলে জানা গেছে। শিগগিরই ব্রাজিলে পৌঁছে আলভিনেগ্রোদের (বোতাফাগোর ডাক নাম) দায়িত্ব গ্রহণ করবেন। আগামী শনিবার (১২ জুলাই) ব্রাসিলেইরোর ম্যাচে ভাস্কো দা আমার বিপক্ষে খেলবে বোতাফাগো। তবে এই ম্যাচে ক্লাবটির ডাগআউটে দাভিদের থাকার সম্ভাবনা নেই বললেই চলে। ক্লাবের স্থায়ী সহকারী কোচ ক্লাউদিও কাকাপা এই ম্যাচে দল পরিচালনা করবেন বলে জানা গেছে।
চলমান ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে পিএসজিকে হারিয়ে চমক দেখিয়েছিল বোতাফাগো। জায়গা করে নিয়েছিল নকআউট পর্বে। কিন্তু শেষ ষোলোয় স্বদেশি ক্লাব পালমেইরাসের কাছে হেরে যাওয়ার পর চাকরি ছেড়ে দেন কোচ রেনাতো পাইভা। তখন থেকেই নতুন কোচের সন্ধানে ছিল ক্লাবটি।
বোতাফাগো ব্রাজিলিয়ান সিরি আ'র পাশাপাশি বর্তমানে দক্ষিণ আমেরিকারও চ্যাম্পিয়ন। সবশেষ কোপা লিবার্তাদোরেসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ক্লাবটি।