শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি
ঢাকার আশুলিয়ার ইউসুফ মার্কেট মোড়ে রোববার (৬ জুলাই) বিকেলে এক বেপরোয়া কভার ভ্যানের চাপায় প্রাণ গেল মাত্র পাঁচ বছরের শিশু খাদিজা ফারুকের। মৃত খাদিজা বরিশালের হিজলা থানার চকদুর্গাপুর গ্রামের ফারুক সরদারের মেয়ে। সে পরিবারের সঙ্গে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় মোহাম্মদ আলীর বাসায় ভাড়া থাকত। তার বাবা মোড়ে একটি মুদি দোকান চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে নরসিংহপুর থেকে কাশিমপুরগামী একটি কভার ভ্যান (চালক: জুয়েল, ২৭, পিতা সেলিম, গ্রাম: বানাহাটি, থানা: শ্রীপুর, জেলা: গাজীপুর) ইউসুফ মার্কেট মোড়ে এসে রাস্তা পার হতে থাকা শিশু খাদিজাকে সামনে থেকে সজোরে চাপা দেয়। বাবা’র দোকান থেকে বাসার পথে থাকা শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারায়।
দুর্ঘটনার পর চালক পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আশুলিয়া থানার এসআই মো. জসিম উদ্দিন। তিনি জানান, আটক চালক জুয়েলকে হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিশু খাদিজার মৃত্যুতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কভার ভ্যানচালকদের বেপরোয়া আচরণ ও নজরদারিহীন সড়ক পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।