কিশোরগঞ্জে জুলাই দিবস প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল আউয়ালকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ জুলাই) রাতে জেলা শহরের নগুয়া এলাকায় একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক কৃষক লীগ নেতা পাকুন্দিয়া উপজেলার ইসাগুম গ্রামের ইসামউদ্দিন মাস্টারের ছেলে।
পুলিশ জানায়, ওই রাতে আওয়ামী লীগের কয়েকজন নেতা নগুয়া এলাকার একটি বাসায় গোপন বৈঠকে বসেছে এমন খবর পেয়ে এলাকাবাসী ও ছাত্র-জনতা ওই বাসাটি ঘিরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে আবদুল আউয়ালকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ‘জুলাই দিবস প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আটক আবদুল আউয়ালের নামে মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’