নির্বাচনী প্রক্রিয়ায় ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা করছে জাপান

Date: 2025-07-02
news-banner

জাতীয় নির্বাচনী প্রক্রিয়ায় ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা করছে জাপান জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।


বুধবার (০২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে  একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

 
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারে (সিইসি)  এ এম এম নাসির উদ্দিন,  বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও।
 
সামনে জাতীয় নির্বাচন এটি বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে এমন প্রত্যাশাও করেছেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। 
 
ইসির সাথে চুক্তি স্বাক্ষর শেষে ঢাকায় নিযুক্ত জাপান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে তার দেশ।
 
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি আরও বলেন, বাংলাদেশ এখন গণতান্ত্রিক পথে যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। জাপান বাংলাদেশের নিজস্ব অধিকারকে সম্মান জানায় এবং একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশটির শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে। আমরা আশা করি ইউএনডিপির মাধ্যমে জাপানের এ সহায়তা উল্লেখযোগ্য অবদান রাখবে।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জাপানের উদারতা এবং দীর্ঘস্থায়ী অংশীদার হিসেবে সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
তিনি বলেন, জাপানের সহায়তা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন, যা জনগণের সত্যিকারের ইচ্ছার প্রতিফলন ঘটায়, এমন নির্বাচন আয়োজনে সাহায্য করার আমাদের যৌথ লক্ষ্যে নতুন শক্তি যোগ করেছে। এই নির্বাচনী সহায়তা বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্ব এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, মানবিক নিরাপত্তা এবং গণতান্ত্রিক উন্নয়নকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতির অংশ।
 
এর আগে ইসি সচিব বলেন, এনআইডি ক্র‍্যাশ প্রোগ্রামের মাধ্যমে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৯ লাখ ৭ হাজার ৬৬২টি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
 
গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ভোট করার লক্ষ্যে ইউএনডিপির সহায়তায় নির্বাচন কমিশন ‘ব্যালট’ নামে যে প্রকল্প হাতে নিয়েছে অস্ট্রেলিয়ার পর সেই প্রকল্পে আর্থিক সহায়তা দিলো জাপান। নির্বাচন ভবনে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর শেষে জানানো হয় ৪.৮ মিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি বলে জানান ইসি সচিব।
 
ইসি সূত্রে জানা যায়, আজ একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এরমধ্য দিয়ে অবাধ, স্বচ্ছ এবং সবাইকে অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচন আয়োজনে বাংলাদেশের প্রচেষ্টাকে আরও জোরদার করতে জাপান একটি গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করবে। এই চুক্তির আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি এবং কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য জাপান ৬৯৫ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দিয়ে সহায়তা করবে। প্রকল্পটির লক্ষ্য ভোটার ও নাগরিক শিক্ষা জোরদার করা, নারী, যুবসমাজ এবং সমাজে প্রতিনিধিত্ব কম এমন গোষ্ঠীর বৃহত্তর অংশগ্রহণকে উৎসাহিত করা। একইসঙ্গে পুরো নির্বাচনী প্রক্রিয়া জুড়ে স্বচ্ছতা ও সততা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাপানের এ সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন।

Leave Your Comments