বাংলাদেশের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী এঞ্জেল নূর প্রশংসায় ভাসালেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। প্রিয় অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন এই গায়ক।
এঞ্জেল নূর তার কাজ নিয়ে সময় টিভির পর্দায় কথা বলেছিলেন। গানের পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। মোশাররফ করিমের সাথে মোবারকনামা-তে কাজ করেছেন নূর।
মোশাররফ করিমকে নিয়ে নূর বলেন, ‘তিনি যেমন ভালো মানুষ তেমনি বড় মনের একজন মানুষ। ভালোবাসতে জানে মানুষকে।’
নূর আরও জানালেন, ‘তিনি আমাকে বলেছিলেন (মোশাররফ করিম) তোর মধ্যে কী যেন একটা আছে। তুই কোনো কিছু শিখতে যাস না। কেউ কিছু শেখাতে চাইলেও শেখার দরকার নাই। যেমন আছিস, তেমনি থাক।’
একসঙ্গে অভিনয়ের গল্প বলতে গিয়ে নূর বললেন, ‘উনিতো সবসময় একটা মুডে চলেন, তারপরও কী অমায়িক। নিজে শট দিয়ে এসে আমাকে জিজ্ঞেস করেন কীরে কেমন হলো? আমি ভাবি কে কাকে জিজ্ঞেস করছে; আমিতো অবাক হয়ে যেতাম মাঝে মাঝে।’
শেষ শুটের গল্প বলতে গিয়ে তিনি বলেন, ‘শেষ দিন তিনি আমাকে (মোশাররফ করিম) ধরে বললেন তোদের সাথে যদি না মিশি তাহলে তোদের কথা জানবো কী করে? শোন পৃথিবীতে ভাববি তোর একজন বন্ধু আছে আর সে হলো আমি। এগুলো আমার জন্য অনেক বড় পাওয়া।’